লোকসমাজের সাবেক সম্পাদক আব্দুল হাসিবের মৃত্যুবার্ষিকী আজ

0

স্টাফ রিপোর্টার॥ দৈনিক লোকসমাজের সাবেক সম্পাদক যশোরের গুণী সাংবাদিকদের অন্যতম আব্দুল হাসিবের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৪ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল হাসিব স্বাধীনতার আগে তৎকালিন দৈনিক পাকিস্তান ও বাংলাদেশ অবজারভারের যশোর প্রতিনিধি ছিলেন। নির্লোভ ও নিরহংকার গুণী এই ব্যক্তিত্ব যশোরে সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। তারই দফতরে প্রতিষ্ঠিত হয় প্রেসক্লাব যশোর। সাংবাদিকতার সাথে তিনি একজন ইন্সুরেন্স কর্মকর্তাও ছিলেন। শহরের দড়াটানা মোড়ের আলী মঞ্জিলের দ্বিতীয়তলায় ছিল তার ইন্সুরেন্স কোম্পানির অফিস। ওই অফিসেই শুরু হয় যশোরের প্রথম প্রেসক্লাবের কার্যক্রম। প্রতিষ্ঠাতাদের মধ্যে আরও ছিলেন মরহুম আফজাল সিদ্দিকী, গোলাম মাজেদ, জমির আহমেদ টুন, মিয়া আব্দুস সাত্তার, মহিউদ্দিন আহমেদ, মীর আবুল হোসেন, অ্যাড. তৌহিদুর রহমান প্রমুখ। দৈনিক লোকসমাজের বর্তমান সম্পাদক বিশিষ্ট রাজনীতিক অধ্যাপক নার্গিস বেগম আব্দুল হাসিবের বড় সন্তান। মুক্ত চিন্তা ও প্রগতিশীল এই ব্যক্তিত্বের বড় সাফল্য তিনি তার প্রতিটি সন্তানকে মেধাবী ও উচ্চ শিক্ষিত করে তুলেছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।