রুল খারিজ হাইকোর্টে: ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ নেই

0
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির নির্দেশ চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে এনআইডি পেতে ছবির আবশ্যকতা আগের মতোই বহাল থাকছে বলে নিশ্চিত করেছেন আইনজীবীরা।। প্রতীকী ছবি: সংগৃহীত

ছবি ছাড়া কেবল বিকল্প বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির বাধ্যবাধকতা চেয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই রায়ের ফলে ছবি তোলা ছাড়া দেশে জাতীয় পরিচয়পত্র পাওয়ার কোনো সুযোগ থাকছে না।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ রায় প্রদান করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালে রাজধানীর শাহজাহানপুর এলাকার বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা নিজেকে পর্দানশীন মুসলিম নারী হিসেবে উল্লেখ করে ছবি তোলা ছাড়াই বিকল্প উপায়ে এনআইডি পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। সেখানে কাজ না হওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেছিলেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশনের পক্ষে যুক্ত উপস্থাপন করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষ ও ইসি যুক্তি দেখায় যে, জাতীয় পরিচয়পত্রের সঠিকতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ছবি অপরিহার্য। হজের সফর, ব্যাংক হিসাব খোলাসহ নানাবিধ নাগরিক সেবার ক্ষেত্রে ছবি ছাড়া পরিচয় যাচাইয়ে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। এমনকি চোখের আইরিশ শনাক্তের তথ্য নিতে গেলেও পর্দার বাধ্যবাধকতার বিষয়টি আসে।

সর্বশেষ শুনানি শেষে হাইকোর্ট রুলটি সরাসরি খারিজ করে নির্বাচন কমিশনের পক্ষে রায় বহাল রাখেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল, অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।