রাজবাড়ীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে আসাদুজ্জামান (২৪) নামে এক যুবকের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া দাখিল মাদরাসা ও ভাটিয়াপাড়া রেলপথ ও চন্দনা নদীর তীর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আসাদুজ্জামান কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মণ্ডলের ছেলে। আসাদুজ্জামান বালিয়াকান্দি উপজেলায় অবস্থিত মীর মোশাররফ হোসেন কলেজের ডিগ্রি শাখার ছাত্র।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুন) বাদ আসর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আসাদুজ্জামান। রাত ৮টার দিকে তিনি সৌদি প্রবাসী দুলাভাইয়ের কাছে মুঠোফোনে জরুরি ৫ হাজার টাকা প্রয়োজন বলে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সোমবার (১৫ জুন) সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আসাদুজ্জামান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।