যশোর কোতয়ালিতে জিডি করতে এসে ধরা পড়লেন রোহিঙ্গা নারী

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর কোতয়ালি থানায় গত শনিবার পাসপোর্ট হারানোর জিডি করতে এসে ধরা পড়েছেন হাসিনা খাতুন নামে একজন রোহিঙ্গা নারী। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে শেল্টারহোমে পাঠানোর আদেশ দিয়েছেন। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, হাসিনা খাতুন নামে ওই নারী শনিবার বিকেলে তার পাসপোর্ট হারিয়ে গেছে এ মর্মে থানায় জিডি করতে আসেন। কিন্তু এ সময় ভাষা শুনে তাদের সন্দেহ হয় তিনি রোহিঙ্গা। পরে যাচাই করে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ফলে তাকে হেফাজতে নেয়া হয়। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে সরকার ক্যাম্প করে দিয়েছে। তারা নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেনা। কিন্তু ওই নারী কোনভাবে সেখান থেকে বেরিয়ে এসেছেন। এমনকী অসাধু লোকজনের সহায়তায় পাসপোর্ট তৈরিও করেছেন, যে পাসপোর্ট হারিয়ে গেছে বলে রোহিঙ্গা নারী বলছেন। জিজ্ঞাসাবাদে হাসিনা খাতুন তাদের বলেছেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মৃত রহিম বক্সের ছেলে মো. শওকত আলী তার ধর্মপিতা। তারা তাকে (মো. শওকত আলী) খবর দিলেও তিনি হাসিনা খাতুনকে নিতে আসেননি। ফলে থানায় জিডি (নং-৭২২) করে রোববার তাকে আদালতে পাঠিয়ে দিয়েছেন। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসিনা খাতুনকে আদালত ঢাকা আহছানিয়া মিশনের যশোর সদর উপজেলার শেল্টারহোমে পাঠানোর আদেশ দিয়েছেন।