যশোরে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, দোকানে চুরি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী গ্রামে গত সোমবার রাতে আশরাফুল ইসলাম নামে একজন স্বর্ণ ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে তিনি গুরুতর জখম হন।

এদিকে শহরের বেজপাড়ার পূজার মাঠ এলাকার একটি ধর্মীয় পণ্যের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ওই দোকান থেকে দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

সদর উপজেলার গোবিলা গ্রামের আয়নাল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম জানান, আমবটতলা বাজারে তার একটি জুয়েলারির দোকান রয়েছে। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে সাজিয়ালী গ্রামের পাকার রাস্তার মোড়ে পেঁৗঁছালে অজ্ঞাতনামা ৩ দুর্র্বৃত্ত আচমকা তার ওপর চড়াও হয়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাত কুপিয়ে কাছে থাকা ৩০ হাজার টাকা ও ৪ আনা স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, দুই জন দুর্বৃত্ত একজন ব্যবসায়ীর কাছ থেকে কিছু টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে তারা জানতে পেরেছেন। পুলিশ জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে বেজপাড়া শ্রীধর পুকুর পাড় এলাকার অখিল চন্দ্র রক্ষিতের ছেলে রতন রক্ষিত জানান, বেজপাড়া পূজার মাঠ সংলগ্ন তার ‘পঞ্চবটী, শাঁখা ও ধর্মীয় পণ্য বিপনী’ নামে একটি দোকান রয়েছে। গত সোমবার রাত ১০ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি দোকানে এসে চুরির বিষয়টি জানতে পারেন। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সার্টারের লক ভেঙে ভেতর থেকে প্রায় ৬০ কেজি পিতলের মূর্তি, কিছু শাঁখা/পলা ও নগদ ৫ হাজার টাকাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।