মেহজাবীন চৌধুরীর মামলার শুনানি পিছিয়েছে

0
মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর হুমকি-ধামকির মামলার বিষয়ে জবাব দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১২ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু সংশ্লিষ্ট আদালতের বিচারকের বদলির কারণে জবাব দাখিল-সংক্রান্ত শুনানি হয়নি। এ জন্য পরবর্তী শুনানির জন্য আগামী ১২ জানুয়ারি নতুন তারিখ ধার্য করা হয়।

আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জানান, সংশ্লিষ্ট আদালতের বিচারক সম্প্রতি অন্যত্র বদলি হওয়ায় এ মামলার নির্ধারিত তারিখে শুনানি সম্ভব হয়নি। বিচারক অনুপস্থিত থাকায় মামলার কার্যক্রম স্থগিত থাকে এবং আদালতের প্রচলিত বিধি ও নিয়ম অনুযায়ী মামলাটির শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়।

পরবর্তী সময় আদালতে নতুন বিচারক যোগদান করার পর নথিপত্র আবার উপস্থাপন করে এ মামলার শুনানি নেওয়া হবে।

এ কারণে আদালতের আদেশক্রমে মামলাটি পরবর্তী তারিখ পর্যন্ত মুলতবি রাখা হয় এবং নির্ধারিত তারিখে সব পক্ষকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়। নতুন নির্ধারিত তারিখে বিচারক উপস্থিত থাকলে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে।