মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের বাঁ পা

0
মাইন বিস্ফোরণে আহত মো. হানিফকে উদ্ধার করে নিয়ে আসছেন বাসিন্দারা। আজ সোমবার সকালে ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের উত্তাপ এবার টেকনাফ সীমান্তে রক্তক্ষয়ী রূপ নিয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের লম্বাবিল এলাকায় স্থলমাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাঁ পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত হানিফ ওই এলাকার ফজল করিমের ছেলে এবং স্থানীয় একটি চিংড়িঘেরের কর্মচারী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নাফ নদী সংলগ্ন একটি ব্যক্তিমালিকানাধীন চিংড়িঘেরে নৌকা তদারকি করতে যান হানিফ। এসময় সেখানে আগে থেকে পুঁতে রাখা একটি নিষিদ্ধ স্থলমাইন বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তাঁর একটি পা উড়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেছেন। সীমান্ত সংলগ্ন একাধিক সূত্র দাবি করেছে, অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীর পার্শ্ববর্তী ‘নো ম্যানস ল্যান্ড’ এলাকায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এসব মাইন পুঁতে রেখেছে।

সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাখাইনে ত্রিমুখী সংঘর্ষের কারণে সীমান্ত এলাকা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওপার থেকে আসা ড্রোন ও মর্টার শেলের আঘাতে ইতোমধ্যে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, সীমান্তে কড়া নজরদারি ও নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন বাংলাদেশিদের নাফ নদী ও জিরো পয়েন্ট এলাকায় না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা জারি করেছে।