ভাঙন আতঙ্কে হরিঢালীর মুজিববর্ষের ঘরের বাসিন্দরা

0

এইচএম শফিউল ইসলাম,কপিলমুনি (খুলনা)॥ পাইকগাছার হরিঢালী ইউনিয়নের গোলাবাটি কপোতাক্ষ নদের পাশে গরিবের স্বপ্নের ঠিকানা মুজিববর্ষের ঘর ভাঙনের কবলে পড়তে চলেছে।
স্বপ্নের ঘরের বাসিন্দা শ্রমিক নেতা মোসলেম উদ্দীন দয়াল ভান্ডারী,পত্রিকার হকার আব্দুল মমিন গাইন,এনায়েত আলী,তৃতীয় লিঙ্গের কাকলী জুঁই,লাবনী ,চন্দনারা জানান, কপোতাক্ষ নদের জোয়ারের পানিতে রাত ও দিনে হাবুডুবু খাচ্ছি। যে কোন মুহূর্তে নদী গর্ভে বিলিন হতে পারে স্বপ্নের ঠিকানা। তারা আরও বলেন, মুজিববর্ষের ঘর পেয়ে একটা ঠিকানা পেয়েছিলাম। সেটা যদি না থাকে তবে আবার যাযাবর জীবনযাপন করতে হবে।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজের কাছে গিয়ে এ খবর দিয়েছি অনেক আগে। আজও কোন কাজ হয়নি বলে জানান শ্রমিক নেতা দয়াল ভান্ডারী। পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের গোলাবাটি মুজিববর্ষের স্বপ্নের ১০ টি ঘরের অসহায় পরিবারগুলো এখন নির্ঘুম রাত কাটছে। টেকসই বাঁধ না থাকায় তারা হুমকির ভেতর পড়েছেন।
এ ব্যাপারে হরিঢালী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আজিজুল ইসলাম খাঁ জানান,আমি পাইকগাছা ও আমার ইউনিয়নের দায়িত্বরত কর্মকর্তাদের গোলাবাটি মুজিববর্ষের ঘর কপোতাক্ষের ভাঙন রোধে কিছু জিও ব্যাগ ফেলার কথা বলেছি। কিন্তু তাতে কোন কাজ হয়নি এখনও।
ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এইচএম মুজাহিদ বলেন, বিষয়টি নিয়ে পাইকগাছা- কয়রার সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুর সাথে কথা হয়েছে।
পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাজু হাওলাদার বলেন কপোতাক্ষ নদের ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করে চলতি বছরের চাহিদা পাঠিয়েছি। এখনও বরাদ্দ হয়নি। বরাদ্দ হলে কাজ শুরু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ভাঙণ প্রবণ এলাকার খোঁজ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি।