বেনাপোলে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান : ২১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে ২১৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ও বিজিবি। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বেনাপোলের পোড়াবাড়ী গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৪৮) ও ধান্যখোলা গ্রামের হায়দার আলীর ছেলে ইমরান হোসেন (৩৪)। উভয়ই যশোর বেনাপোল পোর্ট থানার বাসিন্দা।

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাব ও ৪৯ বিজিবির একটি যৌথ আভিযানিক দল রাত ০৩:৩০ ঘটিকার সময় ধান্যখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে ২১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, র‌্যাব ফোর্সেস নিয়মিতভাবে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর অপরাধের আসামিদের আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে র‌্যাবের এই ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।