বিয়ে নিয়ে মামলায় খালাস নাসির-তামিমা

0
তালাক না দিয়ে বিয়ের অভিযোগ প্রমাণ হলো না — সাড়ে তিন বছরের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা ।। ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে করা মামলায় বেকসুর খালাসের রায় দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকেই খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণা উপলক্ষে নাসির ও তামিমা আজ আদালতে হাজির হন।

মামলার সূচনা

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডেতে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তামিমাকে বিয়ে করেন নাসির। বিয়ের মাত্র ১০ দিন পর ২৪ ফেব্রুয়ারি মামলা করেন রাকিব হাসান। তাঁর অভিযোগ ছিল, তাঁকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা।

মামলা তদন্ত করে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি দুজনকে আসামি করে অভিযোগ গঠন করেন আদালত। গত ৬ মে যুক্তিতর্ক শুনানি শেষে আজকের তারিখ ধার্য করা হয়েছিল।

দুই পক্ষের প্রতিক্রিয়া

আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, আদালত বেকসুর খালাস দিয়েছেন। ফলে এখন আর বলার সুযোগ নেই যে তাঁদের বিয়ে অবৈধ। রায়ে তাঁরা সন্তুষ্ট।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন, তাঁরা ন্যায়বিচার পাননি এবং আপিল করবেন।