বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য

0
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্য হিসেবে রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান (ওপরে বাঁ থেকে ), ফরহাদ হালিম (ডোনার), মো. ইসমাইল জবিউল্লাহ (নিচে বাঁ থেকে) মনোনীত হয়েছেন। এতে কমিটির সদস্য সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে চারজন নেতাকে মনোনীত করা হয়েছে। মনোনীত নতুন সদস্যরা হলেন—দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যেই এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন যুক্ত হওয়া সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব সামলে আসছেন। অন্যদিকে আমান উল্লাহ আমান পূর্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্বে ছিলেন। ডা. ফরহাদ হালিম একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।

বিএনপির ২০১৬ সালের ১৯ মার্চের সর্বশেষ জাতীয় কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে কয়েকজন সদস্যের মৃত্যু ও পদত্যাগের কারণে কমিটির বেশ কিছু পদ শূন্য হয়ে পড়ে। ইতিপূর্বে বিভিন্ন সময়ে কিছু পদ পূরণ করা হলেও এবার একসঙ্গে চারজন জ্যেষ্ঠ নেতাকে স্থায়ী কমিটিতে নিয়ে আসা হলো।

উল্লেখ্য, ১৯ সদস্যবিশিষ্ট বিএনপির স্থায়ী কমিটিতে আগে থেকেই ১৩ জন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁরা হলেন—তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। এই ঘোষণার পর গত বৃহস্পতিবার তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেন। এরপর আজ নতুন চারজন যুক্ত হওয়ায় বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।