ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় আজ রাতে বিশেষ সংকলিত পর্ব নিয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’

0
বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় আজ রাতে বিশেষ সংকলিত পর্ব নিয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'।। ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ও আমেজকে রাঙিয়ে তুলতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে আসছে ফুটবলকেন্দ্রিক একটি বিশেষ সংকলিত পর্ব। আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি একযোগে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে। সম্পূর্ণ অনুষ্ঠানটি বরাবরের মতোই রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

এবারের সংকলিত আয়োজনের একটি অংশে থাকছে ২০১৬ সালের বাংলা বছরের প্রথম মাসে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের আম্রকাননে ধারণ করা ‘ইত্যাদি’র বিশেষ পর্বের নির্বাচিত অংশ। আর বাকি অংশ সাজানো হয়েছে ‘ইত্যাদি’র বিভিন্ন সময়ে প্রচারিত ফুটবলবিষয়ক অত্যন্ত জনপ্রিয়, তথ্যবহুল ও দর্শকপ্রিয় নানা আয়োজন দিয়ে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, প্রাচীন বরেন্দ্র অঞ্চল এবং গৌড়-সুলতানি আমলের নানা ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নসম্পদের ইতিহাস ও ঐতিহ্যের কারণে বিশেষ গুরুত্ব বহন করে, যা এই অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হয়েছে।

বিষয়বৈচিত্র্যে ভরপুর এবারের পর্বে রয়েছে বেশ কয়েকটি মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ এবং জেলার বিখ্যাত আমকে কেন্দ্র করে রয়েছে দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন। পাশাপাশি সর্পপ্রেমী তরুণ ফজলে রাব্বী রবিনকে নিয়ে একটি পরিবেশ সচেতনতামূলক প্রতিবেদন প্রচার করা হবে।

এছাড়া ফুটবল নিয়ে তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া মাগুরার হালিমকে নিয়েও থাকছে একটি অনুপ্রেরণামূলক বিশেষ প্রতিবেদন; যাকে ১৯৯৫ সালে প্রথম দর্শকদের সামনে তুলে ধরেছিল ‘ইত্যাদি’।
একই সাথে খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ সমাজসেবক ও শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদকে নিয়ে রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। অনুষ্ঠানের বিদেশি প্রতিবেদনে এবার তুলে ধরা হবে প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে সমৃদ্ধ গ্রিসের রাজধানী এথেন্স এবং দেশটির ঐতিহ্যবাহী ‘ইভজোনস’ সেনাদলকে।

সাংস্কৃতিক আয়োজনে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা এবং হানিফ সংকেতের সুরে একটি বিশেষ গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হবে বর্ণিল নৃত্য। পাশাপাশি থাকবে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা, যেখানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কিছু অসংগতি ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা প্রাণ রায় ও জয়রাজ।

নিয়মিত দর্শক পর্বে অংশ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দল। গম্ভীরাশিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি চাঁপাইনবাবগঞ্জ ও লোকসংগীত নিয়ে বিশেষ গম্ভীরা পরিবেশন করেছেন এবং সেই পরিবেশনার ওপর ভিত্তি করে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে বিজয়ী নির্বাচিত করা হয়েছে।

এছাড়া বিভিন্ন সময়ের সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত বিদ্রূপাত্মক নাট্যাংশের সংকলনের পাশাপাশি থাকছে ‘ইত্যাদি’র চিরসবুজ আকর্ষণ ‘নানি-নাতি’, ‘মামা-ভাগনে’ ও ‘চিঠিপত্র’ বিভাগ।