ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

0
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়; ঢাকার দুই সিটির প্রশাসককে হাইকোর্টের রুল ।। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালত আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

এর আগে ‘ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান। উক্ত নীতিমালায় রাজধানীর নির্দিষ্ট কিছু স্থানে হকারদের জায়গা বরাদ্দ দেওয়ার বিধান রাখা হয়েছিল। তবে নীতিমালাটি প্রণয়নের পর থেকেই বিভিন্ন মহলে এর বিরুদ্ধে সমালোচনা বাড়তে থাকে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজধানীর ফুটপাতে হকারদের অবস্থানকে কেন্দ্র করে সাধারণ পথচারীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে হকার ব্যবস্থাপনা নীতিমালার বৈধতা প্রশ্নে হাইকোর্টের এ রুল নগরবাসীর মধ্যে নতুন আগ্রহ ও প্রত্যাশার সৃষ্টি করেছে।