ধর্ম অবমাননার মামলায় বাউলশিল্পী আবুল সরকারের জামিন; ৫ মাস পর কারামুক্ত

0
ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ।। ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার হালিমা খাতুন তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। কারা কর্তৃপক্ষ জানায়, আবুল সরকারের জামিনের কাগজপত্র গতকাল রোববার কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আজ সকালে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তির সময় কারাফটকে তাঁর স্বজন ও অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ এপ্রিল উচ্চ আদালত আবুল সরকারকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি মেলায় পালাগানের আসরে ধর্ম অবমাননা ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুর থেকে তাঁকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। ২০ নভেম্বর ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।