দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির যশোরে লিফলেট বিতরণ অব্যাহত

0

স্টাফ রিপোর্টার ॥ চাল, ডাল, তেল, ডিজেল, কেরোসিন, গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিকহারে বৃদ্ধির প্রতিবাদে যশোরে লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগর বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বর্তমান বাজার পরিস্থিতি তুলে ধরে বলা হয়, রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুটের মধ্যেও মরার ওপর খাঁড়ার ঘা’র মতো এবার কেরোসিন, ডিজেল, গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় ও অন্যান্য দ্রব্যের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সরকার ফ্যাসিবাদী কায়দায় একতরফাভাবে কেরোসিন, ডিজেল এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির মাধ্যমে নানা নাটক করে বাস, লঞ্চসহ সকল গণপরিবহনে ভাড়া বাড়িয়েছে। ২৩ শতাংশ ভাড়া বৃদ্ধির ঘোষণা দিলেও গণপরিবহনে ভাড়া নিয়ে চলছে চরম নৈরাজ্য। ১০ টাকার কেজির চাল খাওয়ানোর মিথ্যা প্রতিশ্রুতি সেই চালের কেজি বর্তমান ৭০ টাকার ওপরে। এক বছরে গড়ে চালের দাম বেড়েছে ৩১ শতাংশ। অতীতের সকল রেকর্ড ভেঙে প্রতি লিটার সোয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। যা গত চার মাসের ব্যবধানে কেবল সোয়াবিন তেলের দাম বেড়েছে ৫২ দশমিক ২৫ শতাংশ। এক মাসের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম ৫৩ শতাংশ এবং আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ৬০ শতাংশ। লিফলেটে আরও বলা হয়, তিন মাস আগের ৮৫৯ টাকার এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ১৩৬১ টাকায়। যশোর শহরের মুজিব সড়কে পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচি কালেক্টরেট মার্কেট, জজ কোর্ট ও জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ীদের মাঝে বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। কর্মসূচিতে ব্যবসায়ী ও পথচারীরাও একাত্মতা প্রকাশ করেন। এ সময় তারাও মূল্য বৃদ্ধির ফলে যে সীমাহীন কষ্টে দিনাতিপাত করছেন সেটি বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতকে জানান। কর্মসূচিতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য এহসানুল হক সেতু, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু প্রমুখ।