তিন সন্তান পাশে রেখে তৃতীয় বিয়ে করলেন বলিউড তারকা আমির খান

0
মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ বলিউড তারকা আমির খান।। ছবি: সংগৃহীত

বলিউড তারকা আমির খান দীর্ঘদিনের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। আজ রোববার দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাড়িতেই দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া পরিবেশে এই আইনি বিয়ে সম্পন্ন হয়।

আমির খানের মুখপাত্র এই বিয়ের খবর নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে জমকালো কোনো আয়োজন বা তারকাদের ভিড় ছিল না। আমিরের পূর্বপরিকল্পনা অনুযায়ী নিবন্ধিত এই আইনি বিয়েতে উপস্থিত ছিলেন তাঁর তিন সন্তান জুনায়েদ খান, ইরা খান ও ছোট ছেলে আজাদ। এ ছাড়া আমিরের দীর্ঘদিনের বন্ধু তথা ‘লগান’ চলচ্চিত্রের পরিচালক আশুতোষ গোয়ারিকার এবং অভিনেত্রী এলি আব্রাম এই অন্তরঙ্গ অনুষ্ঠানে অংশ নেন।

আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছর আগের হলেও ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে তাঁদের পুনরায় যোগাযোগ হয়। শুরুতে দূরত্বের সম্পর্ক থাকলেও এক বছর আগে গৌরী তাঁর আগের সংসারের সন্তানসহ মুম্বাইয়ে চলে আসেন এবং তাঁরা একসঙ্গে বসবাস শুরু করেন।

গৌরী ও আমির খান।। ফাইল ছবি: সংগৃহীত

গত বছরের (২০২৫) মার্চে নিজের ৬০তম জন্মদিনে আমির খান প্রথমবারের মতো গৌরীকে সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসেন এবং জানান যে জীবনের এই পর্যায়ে এসে তিনি মানসিকভাবে সুখী ও স্থিতিশীল আছেন। সে সময় বিয়ের পরিকল্পনা উড়িয়ে দিলেও গত মাসে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানান।

পেশাগত জীবনে গৌরী আগে একটি আন্তর্জাতিক হেয়ারকেয়ার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ২৫ বছর পূর্ণ করা ‘আমির খান প্রোডাকশনস’-এর বিভিন্ন প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন, যেখানে জুনায়েদ ও ইরা নামে দুই সন্তানের জন্ম হয়। ২০০২ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের লালন-পালনে তাঁরা এখনো যুক্ত।

এরপর ২০০৫ সালে তিনি পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন এবং ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের ছেলে আজাদের জন্ম হয়। ২০২১ সালে কিরণের সঙ্গেও তাঁর বিচ্ছেদ ঘটে।
তবে দুই সাবেক স্ত্রীর সঙ্গেই আমির খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিরণ রাও এখনো আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য এবং তাঁরা যৌথভাবে ‘লাপাতা লেডিজ’ প্রযোজনা ও ‘পানি ফাউন্ডেশন’-এর সামাজিক কাজ পরিচালনা করছেন।