ঢামেকের নতুন ভবনের ৮ তলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

0
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলার বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়ে রিয়া বেগম (২০) নামের এক চিকিৎসাধীন নারী রোগীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢামেকের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানা যায়, নিহত রিয়া বেগম ভবনের মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। গভীর রাতে তিনি ওয়ার্ডের বারান্দা থেকে হঠাৎ নিচে লাফ দেন এবং ভবনের নিচে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর গিয়ে পড়েন। আশঙ্কাজনক ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার ভাদুরডাঙ্গি গ্রামে। তাঁর বাবা লতিফ মল্লিক একজন কৃষক। কয়েক বছর আগে সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে মুঠোফোনে রিয়ার বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, রিয়া কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ১০ দিন ধরে তাঁর আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। জিহ্বায় ঘাসহ শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে তাঁকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

নিহতের বাবা লতিফ মল্লিক জানান, ঘটনার সময় পাশের রোগীর স্বজনেরা রিয়াকে বারান্দার দিকে যেতে দেখে তাঁকে জানান। খবর পেয়ে তিনি বারান্দার দিকে এগিয়ে যাওয়ার আগেই রিয়া নিচে পড়ে যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের কর্মকর্তা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সম্পূর্ণ বিষয়টি ইতোমধ্যে শাহবাগ থানাকে জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।