ঝিনাইদহে সরকারি ওষুধসহ একজন আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ শহরের চাকলাপাড়া থেকে বিপুল পরিমান সরকারি ওষুধ জব্দ করেছে র‌্যাব। রোববার দুপুরে এ অভিযানে আটক হয়েছেন ঘটনার সাথে জড়িত দীপক বিশ্বাস নামের একজন। আটক দীপক বিশ্বাস ওই এলাকার দীলিপ বিশ্বাসের ছেলে।
র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় চাকলাপাড়ার একটি বাড়িতে বিক্রি নিষিদ্ধ সরকারি ও আমদানি নিষিদ্ধ ওষুধ মজুদ করা রয়েছে। এরপর সেখানে অভিযান চালিয়ে ১৪ কার্টন ওষুধ উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক দীপক বিশ্বাসকে। র‌্যাব আরও জানায়, ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে এই সরকারি ওষুধ ঝিনাইদহে আনা হয়েছে। এগুলো ঝিনাইদহ ও আশপাশের জেলার গ্রামাঞ্চলে গ্রাম্য চিকিৎসকদের কাছে বিক্রি করা হয় বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন দিপক বিশ্বাস। এ ঘটনায় রোববার দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।