জনগণের সরকার প্রতিষ্ঠার প্রথম শর্ত অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন – অধ্যাপক নার্গিস বেগম

ঘোপে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠার প্রথম শর্ত হলো একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর জনগণ সাময়িক স্বস্তিতে আছেন। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে এ স্বস্তি বেশি দিন স্থায়ী হবে না। কারণ গণতান্ত্রিক সরকার ছাড়া কোন দিনই দেশ ও জনগণের কোন সমস্যার সমাধান হয় না। তাই দেশ ও জনগণের বিবদমান সকল সমস্যা সমাধানের জন্য প্রয়োজন একটি জনবান্ধব গণতান্ত্রিক সরকার, অন্যথায় দেশ ভয়বাহ সংকটে নিমজ্জিত হবে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যশোর নগর যুবদলের ৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শুক্রবার শহরের ঘোপ বেলতলায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি। সেই আন্দোলন কাঙ্খিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সচেষ্ট থাকার আহ্বান জানান।

ওয়ার্ড যুবদলের সভাপতি মোর্শেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য আয়ুব হোসেন, নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি শামীম হোসেন বাদল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির মালিক, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ, নগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন প্রমুখ।