চৌগাছায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর লাইট চত্বরে সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী দফাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী।

এ সময় তিনি বলেন, আজ থেকে ৪৮ বছর আগে বর্তমান দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপর হতে দলটি অনেকবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে এবং এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে।

বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি, এদেশের মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএনপি সরকার যখন ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টায় বিভোর ঠিক সেই সময় একটি রাজনৈতিক দল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। সেই রাজনৈতিক দলের পরিচয় কি, কি তাদের অতীত ইতিহাস তা সকলেই জানেন। তাই আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে বিশৃঙ্খলাকারী দলটি দেশকে আবারো পিছিয়ে দেবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, ঝিকরগাছা উপজেলা বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক মুরাদুন্নবী মুরাদ।

অন্যানের মধ্যে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর নাজমুজ্জামন খোকন, আনিছুর রহমান, চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান, হাবিবুর রহমান খোকা, আফিল উদ্দিন দফাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, ছাত্রনেতা হাকিম রেজা প্রমুখ।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনে নেতাকর্মী উপস্থিত ছিলেন।