এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ, জানা যাবে দুইভাবে

0
আজ প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। সকাল ১০টা থেকে ওয়েবসাইট এবং নির্ধারিত দুটি নম্বরে এসএমএসের মাধ্যমে ১৮ লক্ষাধিক পরীক্ষার্থী ফলাফল সংগ্রহ করতে পারবেন।। ছবি: সংগৃহীত
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে তাঁদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন।

এ বছর ফল প্রকাশের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থার পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে ফল জানার প্রক্রিয়ায় নতুনত্ব আনা হয়েছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী, ১৬২২২ (16222) নম্বরের পাশাপাশি এবার নতুন করে ১৬১৪০ (16140) নম্বরটি যুক্ত করা হয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএমএসে ফলাফল পেতে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং স্পেস দিয়ে পরীক্ষার বছর (২০২৬) লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন: SSC DHA 123456 2026)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের (দাখিল) পরীক্ষার্থীদের ফল পেতে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য Dakhil লিখে স্পেস দিয়ে MAD, স্পেস দিয়ে রোল নম্বর ও স্পেস দিয়ে 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের পরপরই নিবন্ধিত মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে ফল পৌঁছে যাবে।

অন্যদিকে, কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে TEC, স্পেস দিয়ে রোল নম্বর ও স্পেস দিয়ে 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সমন্বিত রেজাল্ট শিট সংগ্রহ করতে পারবে।

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো রেজাল্ট শিট পেতে হলে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নিজ প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর এন্ট্রি করে তা ডাউনলোড করা যাবে। এ ছাড়া শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সরাসরি ফল সংগ্রহ করতে পারবে। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।

উল্লেখ্য, সচরাচর লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও এবার তা নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর প্রকাশিত হচ্ছে। চলতি বছর ২১ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে লিখিত অংশ শেষ হয়েছিল ২৪ মে। নির্ধারিত হিসাব অনুযায়ী ২০ জুলাই ফল দেওয়ার কথা থাকলেও আজ তা প্রকাশিত হচ্ছে।

এ বছর সারা দেশে মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।