এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

0
আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আগামী ১৭ আগস্ট পর্যন্ত প্রতি পত্রে ১৫০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।। ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ১৭ আগস্ট পর্যন্ত চালু থাকবে। এ বছর কোনো ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না; পুরো প্রক্রিয়াটি অনলাইনের নির্ধারিত পোর্টালে সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট (rescrutiny.eduboardresults.gov.bd) ব্যবহার করে আবেদন জমা দিতে পারবেন। পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে প্রতিটি পত্রের ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। তবে বাংলা বা ইংরেজির মতো দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করা বাধ্যতামূলক।

অনলাইনে আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজ নিজ বোর্ড নির্বাচন করতে হবে। এরপর একটি কার্যকর মোবাইল নম্বর দিতে হবে, যাতে পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফলাফল পাওয়ার পর তা এসএমএসের মাধ্যমে জানানো যায়। বিষয় নির্বাচনের ক্ষেত্রে ফি পরিশোধের আগে ভুল হলে তা বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচনের সুযোগ থাকলেও, ফি জমা হয়ে যাওয়ার পর আবেদন পরিবর্তন, বাতিল বা টাকা ফেরতের কোনো সুযোগ থাকবে না। ফি পরিশোধের পর পুনরায় পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করার মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষার্থীরা মোবাইল ওয়ালেট বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে অনলাইনে ফি পরিশোধ করতে পারবেন। ফি পরিশোধের পরও যদি কোনো শিক্ষার্থী বাড়তি কোনো বিষয়ের জন্য পুনর্নিরীক্ষণ আবেদন করতে চান, তবে আগের মোবাইল নম্বর ব্যবহার করেই একই নিয়মে নতুন করে আবেদন যুক্ত করতে পারবেন।

উল্লেখ্য, গতকাল সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একযোগে সারা দেশে প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে সমন্বিত গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ, যা বিগত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম পাসের রেকর্ড। ওয়েবসাইটের পাশাপাশি যেকোনো মোবাইল থেকে নির্ধারিত ফরম্যাটে ১৬১৪০ বা ১৬২২২ নম্বরে বার্তা পাঠিয়ে ফলাফলের বিস্তারিত জানা যাচ্ছে।