একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

0
জাতীয় ঈদগাহ ময়দানে শনিবার সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে কোলাকুলি করেন তাঁরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শনিবার সকাল সাড়ে ৮টায় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদের এই প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশেষ খুতবা পাঠ করা হয়। এরপর অনুষ্ঠিত মোনাজাতে দুনিয়া ও আখেরাতের শান্তি এবং দেশ ও জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল নামে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নামাজের নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করতে শুরু করেন। জাতীয় প্রেস ক্লাব, মৎস্যভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তর দিয়ে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে হাজার হাজার মানুষ মাঠে প্রবেশ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত এই ঈদগাহে এবার ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারীর জন্য ছিল পৃথক ব্যবস্থা। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অজুর স্থান ও নামাজের সংরক্ষিত জায়গার পাশাপাশি সবার জন্য পর্যাপ্ত অযুখানা ও মেডিক্যাল টিমের সুবিধা নিশ্চিত করা হয়েছিল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনে ভিআইপিদের জন্য রাখা হয়েছিল বিশেষ নিরাপত্তা বেষ্টনী। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেন।