ঈদুল আজহায় ৭ দিনের ছুটি, ২৩ মের সাপ্তাহিক ছুটি বাতিল — প্রজ্ঞাপন জারি

0
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার ঈদুল আজহার সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে।। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার জারি করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

একই প্রজ্ঞাপনে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওইদিন সব অফিস খোলা থাকবে। সেই হিসেবে ঈদের আগে সর্বশেষ কর্মদিবস হবে ২৪ মে রোববার।

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, জরুরি পরিষেবাগুলো এই সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক এবং হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা।

ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। এ ছাড়া বেসরকারি খাতের সাধারণ ছুটি নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পৃথক নির্দেশনা জারি করবে।