ইবিতে তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষেও ১২৭০ আসন খালি

0

ইবি সংবাদদাতা॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে তিন ইউনিটে এখনও ১২৭০টি আসন খালি রয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসানুল আম্বিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আইসিটি সেল সূত্রে, গত ১১ই জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়। পরে ১৯শে জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়ে ভর্তি কার্যক্রম শেষ হয় ২৫শে জানুয়ারি। আসন খালি থাকা সাপেক্ষে ২রা ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়। এই তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি শেষ হয়েছে ৭ই ফেব্রুয়ারি।
এ পর্যন্ত তিন ইউনিটে মোট ২০৯৫ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৮২৫জন শিক্ষার্থী। ফলে, বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ২৭৪টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৭৪৬টি এবং বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ২৫০টি আসন শূন্য রয়েছে। পরবর্তী মেধা তালিকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসানুল আম্বিয়া দৈনিক মানবজমিনকে বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছি। তৃতীয় মেধাতালিকার পরও আসন খালি থাকলে স্ব স্ব বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা নিতে পারবে।
খালি আসনগুলো কিভাবে পূরণ করা যায় সে বিষয়ে প্রশাসন থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে। এ বিষয়ে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, পুরো ডাটা নিয়ে কাজ চলছে। কয়েকদিনের মধ্যে ওয়েবসাইটে নতুন করে মেধাতালিকা প্রকাশিত হবে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন, ভর্তিসহ এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে জানা যাবে।