আন্তর্জাতিক সংবাদ

0

দিল্লি সহিংসতায় ‘পুলিশও ছিল’
লোকসমাজ ডেস্ক॥ দিল্লিতে কয়েক সপ্তাহ আগে সংঘটিত প্রাণঘাতী সহিংসতায় মুসলিম জনগোষ্ঠীর ওপর পুলিশের অকথ্য নির্যাতনের তথ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে। তারা বলছে, প্রথম দুই দিন হিন্দু ও মুসলিম দুর্বৃত্তরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লেও, এরপর থেকে মুসলিমদের বাড়িঘর, দোকানপাট ও অন্যান্য স্থাপনায় ধারাবাহিক হামলা হয়েছে। পুলিশ সেসময় কেবল নিষ্ক্রিয়ই ছিল না, মুসলমানদের ওপর নির্দয় হামলাও চালিয়েছে। এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে বলেও জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ২৪ ফেব্র“য়ারি উত্তরপূর্ব দিল্লির একটি এলাকায় হিন্দু ও মুসলমানরা একে অপরের দিকে পাথর ছুড়ছিল, বন্ধ করে রেখেছিল একটি গুরুত্বপূর্ণ সড়ক। পুলিশ সেদিন যাদের আঘাত করেছিল, অতিরিক্ত রক্তক্ষরণে তাদের একজন দুদিন পর মারা যান। ফেব্র“য়ারির শেষদিকে উত্তরপূর্ব দিল্লির ওই রক্তপাতকে গত কয়েক বছরের মধ্যে ভারতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী সাম্প্রদায়িক সহিংসতা বলা হচ্ছে। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের ছায়ায় গত কয়েক বছর ধরে যেভাবে উগ্র হিন্দুত্ববাদ বিকশিত হচ্ছিল, তাতে এ ধরনের ঘটনা অনেকটা অনুমিতই ছিল, বলছে নিউ ইয়র্ক টাইমস। মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) হিন্দু জাতীয়তাবাদের একটি মৌলবাদী রূপ হাজির করেছে; এর নেতারা প্রায়ই প্রকাশ্যে দেশটির মুসলিম জনগোষ্ঠীকে খলনায়ক বানানোর অপচেষ্টায় লিপ্ত।

ইরাকে মার্কিন ঘাঁটিতে ১৫ রকেট হামলা, নিহত ৩ সেনা
লোকসমাজ ডেস্ক॥ ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে একাধিক রকেট হামলার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুজন মার্কিন এবং একজন ব্রিটিশ সামরিক সদস্য। আহত হয়েছে অন্তত ১০ জন। খবর আলজাজিরা। ইরাকে মার্কিন সামরিক কর্তৃপক্ষের মুখপাত্র মাইলেস ক্যাগিনস এক টুইটার পোস্টে জানান, বাগদাদের উত্তরে ক্যাম্প তাজিতে অন্তত ১৫টি ছোট আকারের রকেট হামলা হয়। তবে বিস্তারিত কোনো কিছু জানাননি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ কর্মকর্তাও হামলার ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনার মূল্যায়ন ও তদন্ত চলছে। এর আগে আমরা কোনো ব্যবস্থা নিতে যাচ্ছি না।’ ইরাকি সামরিক বাহিনীর এক কমান্ডার জানান, গত অক্টোবর শেষ থেকে দেশটিতে মার্কিন ঘাঁটিতে এটি ২২তম রকেট হামলা।

মার্কিন জোটের বিমান হামলায় নিহত ২৬ ইরাকি যোদ্ধা
লোকসমাজ ডেস্ক॥ ইরাকের মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আধা সামরিক বাহিনী হাশেদ আল-শাবি গোষ্ঠীর ২৬ যোদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার পশ্চিমাঞ্চলে এই হামলায় চালানো হয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বাগদাদে জোটের ঘাঁটিতে রকেট হামলার প্রতিক্রিয়ায় মার্কিন জোট এই হামলা চালিয়েছে বলে তারা আশঙ্কা করছেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানায়নি মার্কিন জোট। সীমান্ত শহর আলবু কামালের কাছে এই বিমান হামলা চালানো হয়। ইরাকে জোটের তাজ বিমান ঘাঁটিতে ওই রকেট হামলায় দুজন মার্কিন এবং একজন ব্রিটিশ সামরিক সদস্য নিহত হয়। আহত হয়েছে অন্তত ১০ জন। যদিও তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। কিন্তু যুক্তরাষ্ট্র এই আধাসামরিক গোষ্ঠীকেই দায়ী করছে হামলার জন্য। ক্যাম্প তাজি মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাদের ট্রেনিং ক্যাম্প হিসেবে পরিচিত। দেশটিতে এখনো ৬ হাজার মার্কিন সেনা রয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় তারা ইরাকি সেনাবাহিনীকে সহযোগিতা করছে। দুইদিন আগে আইএস বিরোধী অভিযানে দুই মার্কিন সেনা নিহত হয়েছে। রবিবার উত্তর-মধ্য ইরাকের পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।