নড়াইলে বাজার থেকে ফেরার পথে ইউপি সদস্য মনি মিয়া শেখকে কুপিয়ে হত্যা

নড়াইল সংবাদদাতা, লোকসমাজ : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পানিপাড়া গ্রামে মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনি মিয়া শেখ নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং চর জয়নগর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পুঠিমারি বাজার থেকে কেনাকাটা শেষে নিজ বাড়ি চর জয়নগরে ফিরছিলেন মনি মিয়া। পথে পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ইউপি সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।