নড়াইলে মাদকের দ্বন্দ্ব ও পূর্বশত্রুতায় কুপিয়ে হত্যা

0
নড়াইলে কুপিয়ে হত্যা
প্রতীকী চিত্র। এআই সহায়তায়- লোকসমাজ

নড়াইল সংবাদদাতা, লোকসমাজ: নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনা ও পূর্ববিরোধকে কেন্দ্র করে আরাফাত মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, নিহত আরাফাতের বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, সোমবার গভীর রাতে প্রতিপক্ষের কয়েকজন লোক আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আরাফাতকে হত্যা করেছে। তবে তারা মাদক-সংক্রান্ত বিরোধের অভিযোগ অস্বীকার করেছেন।

ওসি মো. হোসেন আলী বলেন, আরাফাতের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধ ও মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।