শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

0
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপে গিয়ে স্থানীয় ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলে নিরাপত্তা পরিস্থিতি তদারকি করছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা।। ছবি: লোকসমাজ

সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতেই চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত বিজিবি সদস্যরা নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গৃহীত নিরাপত্তা পরিকল্পনার আওতায় ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২টি এবং সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২২টি পূজামণ্ডপ অন্তর্ভুক্ত করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে বিজিবি। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উসকানি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলছেন বিজিবি কর্মকর্তারা।। ছবি: লোকসমাজ

বিজিবি অধিনায়ক আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের ঐতিহ্য। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে গুজবে কান না দেওয়া, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলের উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দময় করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বিজিবির এই কর্মকর্তা।