খুমেক হাসপাতালের জরুরি অস্ত্রপচার কক্ষে আগুন

0

খুলনা ব্যুরো :  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি অস্ত্রপচার কক্ষে অগ্নিকাণ্ড হয়েছে। বুধবার সকাল ছয়টায় আগুন লাগলে জানালা দিয়ে বেরিয়ে নিজেদের রক্ষা করেন চিকিৎক ও সেবিকারা। চিকিৎসাধীন ১৫ জন রোগী ছোটাছুটি করে ওয়ার্ড থেকে বেরিয়ে যান। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সরকার জানান, আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

খুলনা মেডিকেলের জরুরি অস্ত্রপচার কক্ষে ভয়াবহ আগুন
খুলনা মেডিকেলের জরুরি অস্ত্রপচার কক্ষে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস- লোকসমাজ

জরুরি অস্ত্রপচার ওয়ার্ডে কর্তব্যরত সহকারী অধ্যাপক ডা. দিলীপ কুমার বলেন, সকাল ৬টার পরপরই আগুনের সূত্রপাত হয়। এ সময় ওটিতে থাকা দুইজন নার্স ও একজন চিকিৎসক জানালা দিয়ে লাফিয়ে বের হন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেডিকেলের জরুরি অস্ত্রপচার কক্ষে ভয়াবহ আগুন
খুলনা মেডিকেলের জরুরি অস্ত্রপচার কক্ষে ভয়াবহ আগুনের সময় রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে আসেন- লোকসমাজ

তিনি আরও জানান, ওটি বিভাগে ১৫টি সিটে রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার পরপরই রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনের ঘটনার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগীর স্বজন আতঙ্কে তাদের অন্য হাসপাতালেও নিয়ে গেছেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।