সুন্দরবনে বন কর্মকর্তার গুলিতে জেলে নিহত, বিক্ষোভে বন অফিসে হামলা

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বন অফিসে হামলা ও ভাঙচুর চালালে বন বিভাগের পাঁচ কর্মচারী আহত হন।

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা, লোকসমাজ :
সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনে বন কর্মকর্তার গুলিতে আমিনুর রহমান (৪০) নামে এক কাঁকড়া আহরণকারী জেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বন অফিসে হামলা ও ভাঙচুর চালালে বন বিভাগের পাঁচ কর্মচারী আহত হন।

সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে সুন্দরবনের এলাবাসি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ আলী গাজীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুড়িগোয়ালিনী বন অফিস থেকে বৈধ অনুমতি নিয়ে দুই সহযোগীসহ সুন্দরবনে কাঁকড়া আহরণে যান আমিনুর। এ সময় পাটকোস্টা বন অফিসের ওয়াইল্ড টিমের সদস্য এসও মোবারক হোসেন তাদের নৌকা থামানোর নির্দেশ দেন। জেলেরা বনদস্যু সন্দেহে আতঙ্কিত হয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এতে আমিনুর রহমান কোমরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম বলেন, গুলির ঘটনায় আমিনুর নিহত হওয়ার পর সংশ্লিষ্ট বন কর্মকর্তা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে অন্য জেলেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকেল ৪টার দিকে গাবুরা ইউনিয়নের প্রায় দুই শতাধিক মানুষ আমিনুরের মরদেহ নিয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিসের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বন অফিসে হামলা ও ভাঙচুর চালায়।

এ ঘটনায় বন বিভাগের কর্মচারী তপন কুমার, মেজবাহ, ফারুক হোসেন, একলাছুর রহমান ও ফাইজুর রহমান আহত হন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এ জেড এম হাসানুর রহমান একজন জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বন বিভাগের গুলিতে নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে বন অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, গুলিতে এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ফরেস্ট অফিসে হামলার ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে।