চুয়াডাঙ্গায় পাওনা টাকার শালিসে খুন, আটক ১

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা, লোকসমাজ :
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে পাওনা টাকা নিয়ে চেয়ারম্যানের কাছে শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় আলীমদ্দীন (৫৫) নামের এক ভূষিমাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা লিয়াকত নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত আলীমদ্দীন সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের মরহুম ঝড়ু মন্ডলের ছেলে।

শুক্রবার (৮ মে) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল আলম সুজনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান মহিবুল আলম সুজন জানান, শংকরচন্দ্র গ্রামের আলীমদ্দীন ও একই গ্রামের লিয়াকত দীর্ঘদিন ধরে ভূষিমালের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ব্যবসা সংক্রান্ত লেনদেনে আলীমদ্দীনের কাছে লিয়াকতের ১৩ লাখ টাকা পাওনা ছিল। দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ না করায় বিষয়টি নিয়ে বিরোধ চলছিল।

শুক্রবার রাতে সালিশের জন্য দুই পক্ষ চেয়ারম্যানের বাড়ির সামনে উপস্থিত হয়। এ সময় লিয়াকতের ছেলে আলামিন (২৬) হঠাৎ করে আলীমদ্দীনের ওপর ইট দিয়ে ও লাথি-ঘুষি মেরে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে যান।

চুয়াডাঙ্গায় পাওনা টাকার শালিসে নিহত ব্যবসায়ীর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ

পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়রা লিয়াকতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে হামলার পর আলামিন পালিয়ে যায় বলে জানা গেছে।

নিহতের ভাতিজা আজিবর অভিযোগ করে বলেন, “আমার চাচার কাছে লিয়াকতের ১৩ লাখ টাকা পাওনা ছিল। সালিশের জন্য আসার পরই পরিকল্পিতভাবে হামলা করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “টাকা লেনদেনকে কেন্দ্র করে হাতাহাতির এক পর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”