যশোরে অপহরণ করে চাঁদা আদায়, তিনজন আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত অভিযোগে গত মঙ্গলবার ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও অপহরণে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, শহরের বারান্দী মোল্লাপাড়ার লাল মিয়ার ছেলে জাকির হোসেন (৪০), নাজির শংকরপুরের মৃত মতিয়ার রহমানের ছেলে মারুফ হাসান সুমন (৩৩) ও শহরতলীর তফসিডাঙ্গার মৃত আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৮)।

কোতয়ালি থানা পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৩ এপ্রিল বিকেলে মনিরামপুর উপজেলার রোহিতা বাসুদেবপুর গ্রামের মৃত মুনসুর আলী মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৬৬) যশোর শহরের দড়াটানার মোড় থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিচয় ৩/৪ দুর্র্বৃত্ত মোটরসাইকেলে করে এসে রিকশার গতিরোধ করেন।

এরপর তারা তাকে সেখান থেকে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে যশোর কেন্দ্রীয় বাসটার্মিনালের নিয়ে যান। তারা সেখানকার একটি টিনশেড ঘরে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন রফিকুল ইসলাম প্রাণভয়ে পরিচিতদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বিকাশের মাধ্যমে অপহরণকারীদের দেন। এরপর তারা বিষয়টি জানাজানি করলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেন।

পরে ভুক্তভোগী রফিকুল ইসলাম বিষয়টি পুলিশকে জানান। পরবর্তীতে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার আশপাশের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করেন।

গত মঙ্গলবার বিকেলে শহরের কালেক্টরেট মার্কেটের সামনে থেকে অপহরণ ও চাঁদাবাজির সাথে জড়িত জাকির হোসেন ও মারুফ হাসান সুমনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত ১টি বাজাজ পালসার ব্র্যান্ডের মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

এরপর সন্ধ্যায় পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত জাহাঙ্গীর হোসেন নামে আরও একজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক ৩ জনসহ তারে সহযোগী পলাতক তালবাড়িয়ার বিল্লালকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন রফিকুল ইসলাম।