অপপ্রচার করে দলের ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে

যশোর জেলা যুবদলের সংবাদ সম্মেলন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন অখ্যাত ও ভুঁইফোড় গণমাধ্যমে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানাসহ নেতাদের নামে মিথ্যা তথ্য দিয়ে মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল।

বুধবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেলা যুবদল সকল প্রকার অত্যাচার, হামলা-মামলা মোকাবিলা করে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে জনগণের পাশে ছিল এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করেছে।

ফ্যাসিস্ট সরকারের দেশত্যাগের পর যশোর জেলা যুবদল পুনর্গঠন করে কেন্দ্রীয় কমিটি। এক্ষেত্রে আহ্বায়ক হিসেবে এম তমাল আহমেদকে ও সদস্য সচিব হিসেবে আমাকে (আনছারুল হক রানা) দায়িত্ব দিয়ে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছে। আমরা দায়িত্ব নেওয়ার পর যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করেছি এবং তা ধরে রাখতে অব্যাহতভাবে কাজ করছি। কিন্তু একটি কুচক্রী মহল যুবদলের ঐক্য বিনষ্টের মাধ্যমে পুরো জেলা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র চালাচ্ছে।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি ‘ দৈনিক রূপালী বাংলাদেশ’ নামে একটি ‘অখ্যাত’ গণমাধ্যমে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকাসহ গর্হিত নানা কাল্পনিক তথ্যসংবলিত খবর প্রচার করেছে।

এছাড়া বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এসব বিষয়ের সাথে আমি বা যুবদলের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মী জড়িত নই।

বিগত ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার কারণে দলের ভেতরে ঘাপটি মেরে থাকা গুপ্ত সংগঠনের কর্মী ও নীতিবিবর্জিত পূর্বেই বহিষ্কৃত কতিপয় নেতাকর্মী ও তাদের দোসর এবং ফ্যাসিবাদী মানসিকতা ঘরানার কিছু পত্রিকা রাজনৈতিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে অব্যাহতভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে চালানো ওইসব অসত্য ঘটনা ইতোমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। আপনারাও তদন্ত করলে এর সত্যতা পাবেন।

তিনি বলেন, যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এই ধরনের বিবেকবিবর্জিত ঘটনার সাথে আমি বা আমরা যুক্ত হতে পারি না। আমরা কখনো যুবদলের নাম ব্যবহার করে আর্থিকভাবে লাভবানও হইনি। বরং আমি ও আমার সহকর্মীবৃন্দ দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করার কারণে পারিবারিকভাবেও নিগৃহীত। ওইসব মিথ্যা সংবাদ পরিবেশনের ফলে সামাজিকভাবে ও মানসিকভাবে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত এবং দলের নিবেদিত কর্মীরাও হতাশ।

দীর্ঘদিন ধরে ওই কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষতিগ্রস্ত করেছে, যা বিগত নির্বাচনেও এই অঞ্চলে প্রভাব ফেলেছে। আমরা রাজপথের সম্মুখসারির কর্মী হিসেবে বিগত দিনের আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডের ভূমিকা বিবেচনা সাপেক্ষে আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালীভাবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন প্রমুখ।