খালেদা জিয়ার কবরে দোয়া, শ্রদ্ধা

0

লোকসমাজ ডেস্ক ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের পরদিন আজ বৃহস্পতিবার তাঁর কবরে শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রিয় নেত্রীর কবরের মাটি ছুঁয়ে দেখতে এবং একনজর জিয়ারত করতে সকাল থেকেই ভিড় জমান বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ জনতা।

সকাল ১১টা পর্যন্ত কড়া নিরাপত্তা ও পুলিশের বিধি-নিষেধের কারণে উদ্যানে প্রবেশ বন্ধ থাকলেও দুপুর ১২টার দিকে প্রবেশপথ খুলে দেওয়া হয়। এরপরই সারিবদ্ধভাবে সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা জিয়া উদ্যানের ভেতরে প্রবেশ করেন। কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করেন অগণিত মানুষ। জিয়ারত করতে আসা ভক্তদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মুন্সিগঞ্জ থেকে আসা ফাতেমা শারমিন জানান, তিনি কোনো রাজনৈতিক দল করেন না, তবে প্রিয় নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা থেকেই তাঁর কবরের মাটি ছুঁয়ে দেখতে এসেছেন। অন্যদিকে পঞ্চগড় থেকে আসা জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলামসহ তৃণমূলের অনেক নেতা-কর্মীকেও এদিন জিয়ারত করতে দেখা যায়।

গতকাল বুধবার জানাজা শেষে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বর্তমানে জিয়া উদ্যান এলাকা সাধারণ মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার এক আবেগঘন কেন্দ্রে পরিণত হয়েছে।