রাউজানে আবারও ‘দরজা আটকে’ দুটি ঘরে আগুন, বেড়া কেটে বাসিন্দাদের প্রাণরক্ষা

0
পুড়ে যাওয়া ঘরের সামনে আহাজারি করছেন এক নারী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের রাউজানে আবারও গভীর রাতে বাইরে থেকে দরজা আটকে দুটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামে এই নাশকতার ঘটনা ঘটে। আগুনে হিন্দু সম্প্রদায়ের সুখ শীল ও অনিল শীলের সাতটি কক্ষ ভস্মীভূত হয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, পরিকল্পিতভাবে বাইরে থেকে দরজার হুক আটকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন ছড়িয়ে পড়লে বাসিন্দারা বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু দরজা বন্ধ থাকায় ভেতরে আটকা পড়েন। শেষ পর্যন্ত টিন ও বাঁশের বেড়া কেটে পরিবারের ৮ সদস্য অলৌকিকভাবে প্রাণরক্ষা করেন।

আগুনে দুবাইপ্রবাসী মিঠুন শীলের পাসপোর্ট, নগদ অর্থ ও আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতেও রাউজানের ঢেউয়াপাড়া ও বড়ুয়াপাড়া গ্রামে একইভাবে ঘরে তালা দিয়ে আগুনের ঘটনা ঘটেছিল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, “দুর্বৃত্তরা দরজায় হুক লাগিয়ে আগুন দিয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।” মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও ত্রাণ প্রদান করেছে।