আইপিএলে মোস্তাফিজের ভিত্তি মূল্য ২ কোটি, সাকিবের ১ কোটি

0
মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক ॥ আইপিএলের আসন্ন মিনি নিলামে এবার নজিরবিহীন সাড়া মিলেছে। এক হাজারেরও বেশি ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন ৪৫ জন খেলোয়াড়।

বাংলাদেশ থেকে সেই তালিকায় জায়গা হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের ও অলরাউন্ডার সাকিব আল হাসানের।

অন্যদিকে এবারের নিলামে সবচেয়ে আলোচিত নাম হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত মৌসুমে চোটের কারণে তিনি মেগা নিলামে অংশ নেননি। এবার তাকে দলে নিতে আগ্রহী হতে পারে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। দুটি দলেরই বাজেট বেশি এবং বিদেশি খেলোয়াড়ের জায়গা খালি রয়েছে। আন্দ্রে রাসেলের অবসরের পর গ্রিনকে দিয়ে তার জায়গা পূরণের পরিকল্পনাও থাকতে পারে কলকাতার।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ৩০ নভেম্বর নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর মোট ১,৩৫৫ জন খেলোয়াড়ের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে পৌঁছে দেয় আইপিএল কর্তৃপক্ষ। এবার প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। মিনি নিলামে অংশ নেওয়া ১০টি দলে মোট ৭৭টি শূন্যস্থান রয়েছে, যার মধ্যে ৩১টি বিদেশিদের জন্য।

তবে গুরুত্বপূর্ণ অনুপস্থিতির তালিকায় আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এবার মিনি নিলামে নাম তোলেননি তিনি।