মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালন

0

বিশেষ প্রতিনিধি ॥ রবিবার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে যশোর ও কেশবপুরে। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচিতে ছিল কবির প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাকবির কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

যশোরে জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভা কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খোন্দকার কামরুল ইসলাম এবং লেখক ও গবেষক কাজী শওকত শাহী অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এম এম কলেজের সাবেক অধ্যাপক জিল্লু বারী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আলোচনা পর্ব শেষে মহাকবির কবিতা আবৃত্তিতে অংশ নেওয়া বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) জানান, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২ তম মৃত্যুবার্ষিকী কবির জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে পালিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় মধুসূদন একাডেমি রোববার কবির প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

মধুসূদন একাডেমির সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। মুখ্য আলোচক ছিলেন ড. সন্দীপন মল্লিক। আলোচনায় অংশ নেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

উপস্থিত ছিলেন লেখক ও সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, কবি ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন,কবি হোসাইন নজরুল হক, প্রভাষক সৈয়দ এমাদুল হক, মুফতি তাহেরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কবি রিয়াজ লিটন।