যশোরে সাঁতার, ট্রায়াথলন ও মিনি প্যান্টাথলন প্রতিযোগিতা সম্পন্ন

0

স্পোর্টস রিপোর্টার ॥ তারুণ্যর উৎসব উপলক্ষে ডলফিন সুইমিং ক্লাব, যশোরের উইনার্স ফোরাম, যশোর ট্রায়াথলন ক্লাব আয়োজিত সাঁতার, ট্রায়াথলন ও মিনি প্যান্টাথলন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, সরকারি এম এম কলেজ ও অঙ্কুর প্রাইমারি স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে ট্রায়াথলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে সরকারি এম এম কলেজের আসাদ হল চত্বর থেকে প্রতিযোগিতা শুরু হয়ে শহরের নির্দিষ্ট স্পট অতিক্রম করে জেলা ক্রীড়া সংস্থার আমেনা খাতুন গ্যালারির সামনে শেষ হয়।

ট্রায়াথলন বালক বিভাগে সৃষ্টি সুইমিং ক্লাবের আবির হোসেন নুর হয়েছেন প্রথম। তিনি সময় নিয়েছেন ৪৯ মিনিট ৫০ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন সেতারা মেমোরিয়াল সুইমিং ক্লাবের মফিজুর রহমান, ৫২ মিনিট সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। ৫৪ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন কুষ্টিয়া মিরপুরের রমজান আহমেদ।
বালিকা বিভাগে ৫৮ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে সৃষ্টি সুইমিং ক্লাবের ফারজানা রুমি হয়েছে প্রথম। দ্বিতীয় হয়েছেন সেতারা মেমোরিয়াল সুইমিং ক্লাবের সাদিয়া সাদার সরদার। তিনি সময় ব্যয় করেছেন এক ঘন্টা চার মিনিট ৭১ সেকেন্ড। তৃতীয় স্থান অর্জন করতে পারেনি কোন প্রতিযোগি। কারণ তারা কেউ প্রতিযোগিতা সম্পন্ন করতে পারেনি।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শ্রীনিবাস হালদার, মাসুদ রানা বাবু। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মঈনুদ্দিন রোম। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব নুরুল আরিফিন।