সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্দেশ্য পূরণে ব্যর্থ : ইকবাল কবির জাহিদ

0

প্রদীপ বিশ্বাস, বাঘারপাড়া (যশোর)॥ বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেছেন, যে সকল উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটেছিলো ও সরকার পদত্যাগে বাধ্য হয়েছিলো সে সকল উদ্দেশ্য পূরণে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। রাষ্ট্রের সকল জায়গায় বৈষম্য রয়ে গেছে। অর্থবছরের মধ্যবর্তী সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভ্যাটের হার বাড়িয়ে জনগণের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে। মেহনতি মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে পণ্যের দাম। বৃহস্পতিবার বাঘারপাড়ার বাকড়ীতে তিনদিনব্যাপী অমল সেন স্মরণ মেলার উদ্বোধনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল কবির জাহিদ এ কথা বলেন।
অমল সেন স্মরণ মেলার প্রথম দিনের দুপুরে দলীয় নেতা- কর্মীরা অমল সেনের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় সংগীত ও আন্তর্জাতিক সংগীতের মাধ্যমে স্মরণসভার সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিপ্লবী কমিউনিস্টলীগের সাধারণ সম্পাদক কংকন পাঠক। বিপুল বিশ^াসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম ফিরোজ, ভবদহ পানি নিষ্কাষণ আন্দোলনের আহ্বায়ক রণজিত বাওয়ালী, জিল্লুর রহমান ভিটু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, নারী মুক্তি পরিষদের কেন্দ্রীয় আহবায়ক স্বপ্না সুলতানা, কৃষক নেতা মিজানুর রহমান, যুবমৈত্রী নেতা মঞ্জুরুল আলম, অধ্যাপক রমেশ চন্দ্র অধিকারি, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ঘন শ্যাম মজুমদার প্রমুখ।