চৌগাছায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ২০২৩-২০২৪ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার মঙ্গলবার মশিউরনগর মাঠে আনুষ্ঠানিকভাবে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমাদের শিশু মৃত্যু, মাতৃমৃত্যু হার কমেছে। আমাদের গড় আয়ু বেড়েছে। আমাদের দেশ ছোট হলেও আমাদের জনসংখ্যা বেশি। পৃথিবীর অনেক দেশ আছে যা আয়তনে অনেক বড়। কিন্তু লোকসংখ্যা খুবই কম।
তিনি আরো বলেন, আমাদের কৃষিজমি সঠিকভাবে ব্যবহার করতে হবে। নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিক্ষেত্রে আরো এগিয়ে যেতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপÍরের যশোরের উপপরিচালক ড. সুশান্ত কুমার তরফদার, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, স্থানীয় কৃষক আনোয়ার হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, সহকারী কমিশনার মাহির আমিন, কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক (শস্য) সমরেন বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষক) আনিছুজ্জামান খান প্রমুখ।