ভৈরবে ডুবে কিশোরের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর(যশোর)॥ যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদের পানিতে ডুবে শুভ দত্ত(১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। কিশোর শুভ(১৪) উপজেলার মহাকাল দত্তপাড়ার সুব্রত দত্তের ছেলে। সে মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,শুভ তার বন্ধুদের সাথে মহাকাল খেয়াঘাটে গোসল করতে যায়। এ সময় পানিতে খেলা করার সময় হঠাৎ শুভকে ডুবে যেতে দেখে নৌকার মাঝি সঞ্জয় তাকে উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হন। তাৎক্ষণিক খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা পানিতে খুঁজতে থাকেন এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর দেয়ার কিছুক্ষণের ভেতর নওয়াপাড়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহুল ফকিরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থানে হাজির হন এবং তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যান। পরে খুলনা ডুবরি দলের প্রধান সাইদুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল ঘটনাস্থলে হাজির হয়ে নদীর তল থেকে থেকে তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহুল ফকির ও ডুবরি দলের প্রধান সাইদুল ইসলাম লাশটিকে নওয়াপাড়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানুর উপস্থিতিতে পরিবারের হাতে হস্তান্তর করেন। শুভর এমন অকাল মৃত্যুতে এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।