সীমান্তের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, কড়া প্রতিবাদ

0

লোকসমাজ ডেস্ক॥ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় শনিবার (৩ সেপ্টেম্বর) মিয়ানমারের দুটি মর্টারের গোলা পড়েছিল। ওই ঘটনার প্রতিবাদে রোববার (৪ সেপ্টেম্বর) ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।
এসময় বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন ও সীমান্তে গোলাবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।
শনিবার (৩ সেপ্টেম্বর) মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুই গোলা বান্দরবানে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্তের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়।
এর আগে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছিলেন, মিয়ানমার সীমান্তের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে রোববার তলব করা হবে। এ ঘটনায় তাদেরকে কড়া প্রতিবাদ জানানো হবে।
তার আগেও গত ২০ ও ২৮ আগস্ট মিয়ানমার থেকে মর্টারশেল বাংলাদেশে এসে পড়ে। সে কারণে ২১ ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হয়। এবার দুই সপ্তাহের ব্যবধানে তৃতীয় বারের মতো সীমান্তের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হলো।