পাইকগাছায় নদী খননের নামে রাস্তার পাশের গাছ কেটে সাবাড়

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ নদী খননের নামে পাইকগাছায় ঠিকাদার বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ কেটে ফেলছেন এমন অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদার বলেছেন যাদের গাছা তারা কাটছেন অন্যদিকে গাছের মালিকরা বলছেন ঠিকাদার কেটে সাবাড় করে দিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন মৎস্য অধিদপ্তর খুলনার পাইকগাছার লতা ইউনিয়নে পোদা নদীর ৭ কিলোমিটার খনন কাজ শুরু করেছে। চট্টগ্রামের ইউনুস এন্ড ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটির টেন্ডার পেয়েছে। এই খননের নামে কেয়ারের রাস্তার পাশের গাছগুলো ঠিকাদার প্রতিষ্ঠানের লোকেরা ইচ্ছেমত কেটে ফেলছে। নদীর দুই পাশে কেটে ফেলা গাছের মধ্যে রয়েছে নিম, তেঁতুল, রেন্টি, খেজুর, গেওয়াসহ বিভিন্ন প্রজাতির গাছ। এতে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, খাল খননের কাজের ব্যপারে বলতে পারবেন তিনি তবে গাছ কাটার বিষয়টি জেনে বলতে হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, ওখানে সামাজিক বনায়নের তাদের কোনো গাছ নেই। ব্যক্তি মালিকানাধীন হলেও হতে পারে। তবে স্থানীয় চেয়ারম্যান বা মেম্বাররা ভাল বলতে পারবেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক শহিদুল ইসলাম জানান, তারা কারো গাছ কাটছেন না। যাদের গাছ তারাই কেটেছেন।
স্থানীয় মোজাফফর, অনিল, কৃষ্ণপদসহ অনেকেই জানিয়েছেন ঠিকাদারের লোকেরা জোর করে গাছ কেটেছে।
ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, বলেন, কেয়ারের রাস্তার গাছ। তবে যতটুকু জেনেছি যার বাড়ির সামনে সেইই গাছ কেটেছে । তবে ঠিকাদারের লোকেরাও কিছু কাটতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন,সরকারি রাস্তার পাশের গাছ কাটার এখতিয়ার কারো নেই। কে বা কারা কেটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।