ইবি’র বাস চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

0
ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিনাই বাসের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে। এসময় বাসচালককে পিটুনি ও বাসটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
নিহত ব্যক্তি হলেন কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম (৬০)। তিনি পেশায় একজন দর্জি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়গামী ছাত্রবহনকারী ডাবল ডেকার বাস শহরের জেলখানা মোড় হয়ে বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী জাহিদুল ইসলামকে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। উত্তেজিত এলাকাবাসী বাসচালক সেলিমকে মারধর কর ও বাসটিকে ভাঙচুর করে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান বলেন, ‘কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদুল নামে একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হয়েছেন বাসচালক সেলিম। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।’