৫০ ভাগ ভোট আশা করেছিলেন ইসি সচিব

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে দুই সিটিতে ৫০ ভাগ ভোট আশা করেছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। তিনি বলেছেন, ধারণার চেয়ে কম ভোট পড়েছে। তাই ভোট পড়ার হার নিয়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট না। রোববার নির্বাচন ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। দুই সিটিতে কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে ইসি সচিব বলেন, উত্তরে ২৫ দশমিক ৩০ শতাংশ আর দক্ষিণে ২৯ দশমিক ০২ শতাংশ ভোট পড়েছে। দুই সিটিতে মোট ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ। মো. আলমগীর বলেন, রাজধানীর ভোটাররা ছুটি পেলেই ঢাকায় থাকে না। অনেকে সামাজিক অনুষ্ঠানে চলে যায়, ভোট দিতে আগ্রহ একটু কম থাকে, সেক্ষেত্রে ধারণা ছিল যে শতকরা ৫০ শতাংশ ভোট পড়বে। কিন্তু তার চেয়ে কম ভোট পড়েছে। তাই আমরা ভোট কাস্টিংয়ে পুরোপুরি সন্তুষ্ট না। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা এ বিষয়ে যে মন্তব্য করেছেন, ভোটের হার নিয়ে অসন্তুষ্ট না। তবে যেহেতু নির্বাচন সুষ্ঠু জন্য যতরকম কার্যক্রম নেওয়া প্রয়োজন কমিশন তা নিয়েছে। ভোটে শান্তিপূর্ণ পরিবেশ ছিল আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছে, পরিবেশ ভালো ছিল, জালভোট দেওয়ার সুযোগ ছিল না, আমাদের ধারণা ছিল ভোটাররা হয়ত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে।