১৮ বছরের লুটপাটের কারণে গ্যাস বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে : রাশেদ খান

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বিগত ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। শেখ হাসিনার আমলে নতুন কোনো গ্যাসকূপ অনুসন্ধান করা হয়নি। নিম্নমানের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণেও বর্তমান সংকট তৈরি হয়েছে।

রোববার সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেও গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে দেশে আজ এই সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার সবার সঙ্গে সমন্বয় করে কীভাবে স্থায়ীভাবে এই সংকট থেকে উত্তরণ করা যায়, সে চেষ্টা করছে। সরকার এই সংকটের জন্যে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছে, যা অতীতে কোনো সরকার করেনি।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, বিএনপি স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে। এখানে বিরোধী প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই।

এরআগে শিশু কুঞ্জস্কুল অ্যান্ড কলেজে রাশেদ খানকে সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

এ সময় ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মজিদ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম, কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ মাসরুর উল আলম, অবসরপ্রাপ্ত অধ্যাপক মহব্বত হোসেন টিপুসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।