ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে পলাতক প্রধান শিক্ষক, মাদরাসায় আগুন

0
সুবর্ণচরের উত্তর চর হাসান গ্রামে আগুনে পুড়ে যাওয়া সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার বিধ্বস্ত চিত্র ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নোয়াখালীর সুবর্ণচরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়নের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও মাদরাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায় এ অগ্নিসংযোগ করা হয়। অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) পিরোজপুর জেলার বাসিন্দা এবং ওই মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনার সুবাদে ওই ছাত্রীর সঙ্গে শিক্ষকের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জানুয়ারি শিক্ষক ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ছাত্রীকে উদ্ধার করলেও শিক্ষক আত্মগোপনে চলে যান। এই ঘটনায় বিক্ষুব্ধরা মাদরাসায় তালা ঝুলিয়ে দিলে প্রায় এক সপ্তাহ প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতে কে বা কারা মাদরাসাটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান ও চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান। ভুক্তভোগী ছাত্রীর পরিবার সুধারাম মডেল থানায় এবং মাদরাসায় অগ্নিসংযোগের ঘটনায় প্রতিষ্ঠাতা মো. মনসুর চরজব্বর থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে অভিযান চলছে এবং অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।