শার্শার বিএনপি কর্মী লিটন হত্যা মামলার ৩ আসামি রিমান্ডে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার দূর্গাপুর গ্রামের বিএনপি কর্মী লিটন হোসেন হত্যা মামলার ৩ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার পুলিশের করা আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল তাদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলো, দূর্গাপুর গ্রামের মোমিন মিয়া ও তার ছেলে সেলিম মিয়া এবং মৃত তৈয়ব আলীর ছেলে আক্তার হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত ১০ জুন রাতে দূর্গাপুর চেয়ারম্যান বাড়ি মোড়ে প্রতিপক্ষরা লিটন হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে এ খবর পেয়ে তার পিতা আজগর আলী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন নিহতের পিতা আজগর আলী ১৭ জনের নামউল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৮/১০ জনকে আসামি করে শার্শা থানায় হত্যা মামলা করেন। এই মামলার মূল আসামি সেলিম মিয়াকে গত ১২ জুন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে মোমিন, আক্তার ও রমজান নামে ৩ আসামিকে তুরাগ থানার ধওর কবরস্থানের পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আটক করা হয়। ১৩ জুন আটক ৪ জনকে যশোর আদালতে সোপর্দ করা হয়।

এর মধ্যে আটক রমজান হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। বাকী ৩ জনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই আশরাফুল আলম।

বুধবার পুলিশের করা আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের ১দিন করে রিমান্ড মঞ্জুর করেন।