যশোরে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে প্রতারণা, নারী আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণাকালে মমতাজ বেগম (৬২) নামে এক নারীকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় লোকজন। গত সোমবার দুপুরে সদর উপজেলার সুজলপুর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

আরবপুর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার সাহিদা ইয়াসমিন জানান, গত ১৫ জুন দুপুরে সুজলপুর জামতলা মোড়ে মমতাজ বেগম নামে ওই নারী নিজেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরিচয় দিয়ে স্থানীয় নারীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার চেষ্টা করেন।

তিনি নারীদের বোঝানোর চেষ্টা করেন যে, ২শ টাকা জমা দিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে এবং পরবর্তীতে সরকারি আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা মিলবে। এ সময় ওই তিনি বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে বিভিন্ন ফরম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি দেখান নারীদের।

এর মধ্যে এক নারীর এ বিষয়ে সন্দেহ হলে বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে স্থানীয় লোকজন মমতাজ বেগম নামে ওই নারীকে আটক করেন।

আটক মমতাজ বেগম কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাঠি গ্রামের মৃত জালাল উদ্দিন শেখের স্ত্রী।

এ খবর পেয়ে সংরক্ষিত আসনের মেম্বার সাহিদা ইয়াসমিন ঘটনাস্থলে যান। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পরে কোতয়ালি থানার পুলিশ সেখানে আসেন।

এ সময় পুলিশ মমতাজ বেগমকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৮টি ভিডব্লিউবি কার্ড, মহিলা উন্নয়ন সংগঠনের বিভিন্ন ফরম, কয়েক জনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাঁচ কপি রঙিন ছবি এবং নগদ ৬শ টাকা উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।